শাহবাগ মোড় ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আহতরা
- প্রকাশের সময় : ১২:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 91
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং আহতদের সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থানরত জুলাই আন্দোলনের আহতরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রবিবার রাত ১০টায় সেখান থেকে সরে যান তারা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে রাত ৯টায় পুলিশ শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়, যার ফলে যান চলাচল শুরু হয়। তবে এরপরও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিচ্ছিলেন আহতরা। পরে তারা জাদুঘরের সামনে চলে যান।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা, জুলাই সনদ প্রকাশ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করাই তাদের প্রধান দাবি। এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শুক্র ও শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই দুদিন আন্দোলন চলেছে। সোমবার ওয়ার্কিং ডে, কোনোভাবেই সড়ক বন্ধ রাখা যাবে না। আমরা ব্যারিকেড তুলে দিয়েছি। এখন যানবাহন চলাচল করছে। যদি কোনো প্রতিবন্ধকতা আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।






















