রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমলো গরম
- প্রকাশের সময় : ১২:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 92
কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে বৃষ্টিতে স্বস্তি ফিরলো।
রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস যুক্ত হওয়ায় আক্ষরিক অর্থেই পরিবেশ কিছুটা শীতল হয়েছে। গরম কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে।
সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। এরপর সবাই অপেক্ষা করছিলেন কখন বৃষ্টি নামবে। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।


























