রাজবাড়ীতে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 156

রাজবাড়ীতে শুক্রবার তিনজন আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত¡র থেকে আমজাদ হোসেনকে এবং পাংশা উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমজাদ হোসেন রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আমিরুল ইসলামের বাড়ি পাংশা উপজেলার কসবামজাইল গ্রামে।
এদিকে রাজবাড়ী সদর থানার পুলিশ দুপুর দেড়টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা থেকে আবু হাসানকে গ্রেপ্তার করে। তার বাড়ি একই এলাকায়। সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরিফ আল রাজীব জানান, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আমজাদ হোসেনকে এবং পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
























