আগ্রহী করতে সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান
বইয়ে আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম!

- প্রকাশের সময় : ১০:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 155

‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা’- আজ থেকে প্রায় সাড়ে তিনশ বছর আগে কথাটি বলে গিয়েছেন ফরাসী দার্শনিক র্যনে দেকার্ত। সময়ের বিবর্তনে অনেক কিছু বদলেছে। বিশ^ অনেক কিছুতে এগিয়েছে। এখন হাতের মুঠোয় সবকিছু। কিন্তু তার দর্শণ আজও প্রাসঙ্গিক।
বর্তমান সময়ে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ অনেকটা কমে গিয়েছে। নতুন লেখক, নতুন বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ ছিল, তা এখন আর দেখা যায়না। তরুণ প্রজন্ম অনেকটাই বইবিমুখ। নিজেকে সমৃদ্ধ করতে বইয়ের কোনো বিকল্প নেই- নতুন প্রজন্মের শিক্ষার্থীরা একথা যেমন স্বীকার করছে। বইয়ের প্রতি অনীহার কথাও জানিয়েছে তারা। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণই এর অন্যতম কারণ বলেই মনে করছেন রাজবাড়ীর প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ। তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করতে সচেতন মানুষকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন তারা।
রাজবাড়ী শহরের প্রধান সড়কে জেলা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত শতবর্ষী রাজবাড়ী পাবলিক লাইব্রেরি। আগে বিকেল হলেই এখানে যেন পাঠকের মেলা বসত। খুবই রমরমা অবস্থা ছিল। লাইব্রেরির সদস্যদের বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ থাকায় প্রতিদিন প্রচুর বই লেনদেন হতো। গত কয়েক বছর ধরে পাঠকের আনাগোনা কমেছে। মানুষও এখন খুব একটা বই নেয়না। সন্ধ্যা হলে যেসব পাঠক আসেন তারা মূলত পত্র-পত্রিকা পড়েন। সোমবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, কয়েকজন পাঠক আছেন। যাদের সবাই পত্রিকা পড়ছেন। এসময় কথা হয় লাইব্রেরিয়ান বদিউল আলম বুলবুলের সাথে। জানালেন, তাদের লাইব্রেরিতে আজীবন সদস্য আছেন ১০৫ জন। সাধারণ সদস্য ১৩৫ জন। এমন একটা সময় ছিল যখন প্রতিদিন লাইব্রেরির সদস্যরা বই লেনদেন করত। সদস্য নয় এমন অনেকে লাইব্রেরিতে বসেও বই পড়েছে। ২০১৮ সালের পর থেকে বইয়ের লেনদেন আর হচ্ছেনা। লাইব্রেরিতে বসে মানুষকে বই পড়তে খুব একটা দেখা যায়না। যে কয়জন পঠক আসে তারা পত্র-পত্রিকা পড়েন। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে লাইব্রেরি।
রাজবাড়ী সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায়, পাঠকক্ষে তিনটি সারিতে বিভিন্ন বয়সী পাঠকরা পড়াশোনায় ব্যস্ত। কেউ পত্রিকা পড়ছে, কেউ একাডেমিক বই, কেউ চাকরির জন্য সহায়ক বই পড়ছে। কেউবা বই থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ নোট করছে। প্রায় ৪০ জন পাঠকের মধ্যে মাত্র একজনকে দেখা গেল উপন্যাস পড়তে। কথা হয় গণগ্রন্থাগারের রিডিং হল এসিস্ট্যান্ট মো. আসাদুজ্জামানের সাথে। জানালেন, এই গণগ্রন্থাগারে সব ধরনের বই আছে। গল্প, উপন্যাস, কবিতা, জীবনী, রেফারেন্স, প্রবন্ধ ইত্যাদি। শিল্প সাহিত্য প্রসারের জন্য যত রকম বই প্রয়োজন তার সবই আছে। প্রতিদিন গড়ে একশ থেকে দেড়শ জন পাঠক আসে। যাদের বেশির ভাগই পত্রিকা পড়তে আসেন। শিক্ষাজীবন শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন পাঠকের সংখ্যা বেশি। গল্প, উপন্যাস পড়তে খুব কমই আসে তাদের এখানে।
রাজবাড়ী সরকারি কলেজের লাইব্রেরিতে গিয়ে কথা হয় বুক শর্টার নুরুন্নাহারের সাথে। জানালেন, তাদের লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা ২১ হাজার ২৫৬টি। এর মধ্যে একাডেমিক বইয়ের সংখ্যাই বেশি। গল্প, উপন্যাস, কবিতা এসব বই আছে দুই হাজারের মত। প্রতিদিন লাইব্রেরিতে গড়ে একশ জন ছাত্র-ছাত্রী আসে। তারা মূলত একাডেমিক বই পড়তেই আসে। গল্প, উপন্যাসের পাঠক খুবই কম। শতকরা দুই থেকে তিনজন হতে পারে।
বেচাকেনা কমেছে ব্যবসা প্রতিষ্ঠানেও। রাজবাড়ী শহরের শামীম লাইব্রেরির স্বত্ত¡াধিকারী সৈয়দ মোকাদ্দেস আলী সাগর বলেন, গত পাঁচ বছরের ধরে গল্প উপন্যাস বইয়ের বেচাকেনা একবারেই কম। বিভিন্ন দিবসে প্রতিযোগিতায় পুরস্কার দেওয়ার জন্য কিছু বই বিক্রি হয়। আগে যেমন স্কুল-কলেজের ছেলেমেয়েরা বই কিনত। এখন সেভাবে আর কেনেনা। ইন্টারনেট যত সহজলভ্য হচ্ছে এসব বইয়ের বিক্রি তত কমছে। হতে পারে, যারা বই পড়ে তারা ইন্টারনেট থেকে সংগ্রহ করে।
বই পড়া নিয়ে তরুণ প্রজন্ম কী ভাবছে প্রসঙ্গে রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নাবিলা রহমান বলেন, পাঠ্যবইয়ের বাইরে অন্য বই খুব একটা পড়া হয়না। কিন্তু তিনি এটা বোঝেন যে, নিজেকে সমৃদ্ধ করতে বই পড়া খুব জরুরি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কিছু বই পুরস্কার পেয়েছেন। সেসব বই পড়েছেন। তার সহপাঠিদের সেসব বইয়ের গল্প বলে তাদেরকে বই পড়ায় উৎসাহিত করতে চেষ্টা করেন। কিন্তু সহপাঠিদের মধ্যে বই পড়ার ঝোঁক খুব একটা দেখেন না। বলেন, যখন আমার মন খুব বেশি খারাপ থাকে, তখন বই পড়ি। বই মনকে সতেজ করে। নিজেকে সমৃদ্ধ করতে বই পড়া জরুরি বলেও মনে করেন তিনি।
বই চর্চা কেন জরুরি এ প্রসঙ্গে রাজবাড়ী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে আমরা একটা অস্থির ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা অনেকটা দিকভ্রান্ত। একমাত্র সুস্থ জ্ঞান চর্চা আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারে। জ্ঞানচর্চার অন্যতম বাহন বই। বইয়ের কালো অক্ষরগুলোর চাইিতে শক্তিশালী উপাদান আর কিছু নেই। যা মনিুষকে এগিয়ে যেতে সাহায্য করে। বইয়ের মাধ্যমে আমরা অতীতকে জানি, বর্তমানকে ধরে রাখি, সুদূরের পরিকল্পনা করি। বই আমাদের ভাষাকে সমৃদ্ধ করে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই বইয়ের মধ্যে বিধৃত থাকে। বই আমাদের একমাত্র আশ্রয়। যা আমাদেরকে আলোর সন্ধান দিতে পারে। মুক্তি দিতে পারে। বই পাঠের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি।
যিনি প্রচুর বই পড়েছেন, এখনও পড়েন। তিনি রাজবাড়ীর প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী। বর্তমান প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কেন এমন প্রশ্নে বলেন, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় অবধি শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ কম। যাদের চিনি জানি, তাদের একাংশকে মনে হয় বইয়ের প্রতি আগ্রহ যথেষ্টই আছে। পরিচর্যা ও পরিবেশের অভাবে সবাই আগ্রহ ধরে রাখতে পারছে না। যাদের আগ্রহ নেই বা হারিয়ে যায়। তার বড় কারণ পরিবার, প্রতিষ্ঠান সমাজ ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে। ব্যতিক্রম বাদে যেখানে আপাদমস্তক দুর্নীতি, এবং ভোগবাদিতার প্রত্যক্ষ ও পরোক্ষ ফসল শৈশব কৈশোর থেকে প্রজন্মের হাতে তুলে দেওয়া হয়। মাদকাসক্তি একটা উল্লেখযোগ্য অংশকে গ্রাস করছে। মোবাইলসহ বিভিন্ন ডিভাইস আসক্তিতে জড়িয়ে যাচ্ছে প্রায় সকলেই। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ গ্রহণ করতে অধিকাংশই ব্যর্থ হয়ে পড়ছে। মানবতাবাদের বিপরীতে নানা মতবাদও সংক্রামক হয়ে বইমুখী করা থেকে প্রজন্মকে দূরে রাখছে। কিন্তু বই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেক। যেমন, প্রাণীজগতের অন্যান্যের সাথে মানব প্রজাতির একটা বড় পার্থক্য রয়েছে। মানুষ জন্মায় বিশ্বজগতের অন্যতম প্রজাতি হিসেবেই। মানুষকে মানুষ হতে হয় সাধনার দ্বারা। আমাদের পূর্ববর্তী মনীষীরা একথা বলে গেছেন। এই সাধনার প্রধানতম মাধ্যম উপযুক্ত বই পাঠ। যার মাধ্যমে মানুষের সুকোমল বৃত্তিগুলো বিকশিত হয়। মানুষ সামাজিক মানবিক যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হয়। মানুষের মধ্যে বিশ্বজগত, ইতিহাস, ভূগোল, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জ্ঞানার্জন বই পাঠ ছাড়া সম্ভব নয়। যথাযথ মানবিক মানুষ গড়ে না তুলতে পারার অবক্ষয় আমাদের সমাজ ও রাজনৈতিক জীবনের সর্বত্রই প্রকট।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, বই পাঠের প্রয়োজনীয়তা যারা উপলব্ধি করেন সেই সচেতন মহলের দায়িত্ব বই পাঠে উদ্বুদ্ধকরণের। বই পাঠের প্রয়োজনীয়তা নির্দিষ্ট কোনো প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয় নয়। সচেতন মহল নিজেরা পাঠাভ্যাস বৃদ্ধি করবেন, বর্তমান প্রজন্মকে পথ দেখাবেন। পরীক্ষার প্রস্তুতিমূলক নীরস পাঠাভ্যাসের বিপরীতে বয়স উপযোগী সৃজনশীল ও আনন্দপূর্ণ বিভিন্ন পদ্ধতিতে পাঠাভ্যাস গড়ে তোলা যায়। পাঠাগার আন্দোলনকে মাঠকেন্দ্রিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া উদ্যোক্তাদের জন্য একটা কঠিন পরীক্ষা বটে। কঠিনকে সহজ করে তোলাও মনুষ্যত্বর সাধনার একটা অঙ্গ।
























