১২ মাস ওষুধ খেতে হয় এমন পরিবার রয়েছে অনেক
পরিবারের বাড়তি বোঝা ওষুধ

- প্রকাশের সময় : ০১:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 170

ঘরে ঘরে অসুখ-বিসুখ। এটাই যেন এখন নিয়ম। রাজবাড়ীতে এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যাদের ওষুধ কিনতে হয়না। বছরের সব সময় ওষুধ খেতে হয়- এমন পরিবারের সংখ্যাও কম নয়। যারা ভুগছেন গ্যাস, রক্তচাপ, ডায়াবেটিকসসহ বিভিন্ন জটিল রোগে। অর্থাভাবে ওষুধ কিনতে পারেন না, রয়েছে এমন মানুষও। ওষুধ কিনতে গিয়ে সংসার চালানো দায় হয়ে যায় কারো কারো। এদিকে ডায়াবেটিকস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজবাড়ী ডায়াবেটিক সমিতিতে চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন এমন রোগীর সংখ্যা ২৭ হাজার। কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। যা স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী জেলার জনসংখ্যা প্রায় ১০ লাখ। যাদের বেশির ভাগই দরিদ্র। দরিদ্রসীমার নীচেও বাস করে অনেকে। রাজবাড়ী জেলায় স্বাস্থ্যসেবার জন্য রয়েছে একটি একশ শয্যার হাসপাতাল, চার উপজেলায় চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ১৪২টি কমিউনিটি ক্লিনিক। একশ শয্যার হাসপাতালটিতে সারাক্ষণ রোগীদের ভিড় লেগেই থাকে। জনবল কম থাকায় চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হয়। বড় কোনো শারীরিক সমস্যা হলে তারা হাসপাতালের দ্বারস্থ হয়।
রাজবাড়ীর বিভিন্ন ওষুধ ফার্মেসী মালিকদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণত গ্যাস, প্রেসার, ডায়াবেটিকস রোগের ওষুধ বেশি বিক্রি হয়। তাদের অনেক কাস্টমার আছেন যারা ১২ মাসই ওষুধ কেনেন। কেউ মায়ের জন্য, কেউ বাবার জন্য আবার কেউ নিজের জন্য। তারা বলছেন, অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা সহজ সরল মানুষের কাছে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে থাকে। যা একেবারেই উচিৎ নয়। যদিও রাজবাড়ী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান দাবি করেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের সুযোগ নেই। ওষুধ মেয়াদোত্তীর্ণ হলে সেটি একটি বাক্সে রেখে কালি দিয়ে লিখে দিতে হবে বিক্রয় নিষেধ- এমন নির্দেশনা সকল ওষুধ ব্যবসায়ীকে দেওয়া আছে। কখনও কখনও মনের ভুলে বা বেখয়ালে তাকে থেকে যেতে পারে বলে মনে করেন তিনি।
রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার ওষুধ ব্যবসায়ী মানিক চক্রবর্তী জানান, তার দোকানে যারা ওষুধ নিতে আসে তারা বেশির ভাগই গরীব। নুন আনতে পানতা ফুরোয় অবস্থা। সুস্থ থাকার জন্য তারা যেন জীবনের সাথে যুদ্ধ করেন। এদের অনেকেই টাকার অভাবে ওষুধ কিনতে পারেনা।
রাজবাড়ী শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা কবরী বেগম জানান, তার স্বামী ছোটখাটো ব্যবসা করে সংসার চালান। তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। মাসে প্রায় এক হাজার টাকা চলে যায় ওষুধের পেছনে। বাকী টাকা দিয়ে কোনোমতে চলে সংসার।
রাজবাড়ী বিনোদপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ সরদার (৭৫) জানান, তিনি আগে মুরগীর ব্যবসা করতেন। ২০০৪ সালে তার ডায়াবেটিকস রোগ ধরা পড়ে। তারপর থেকে নিয়মিত ওষুধ খেতে হয়। এখন ডাবায়াবেটিকসের সাথে হার্ট, কিডনি সমস্যাও দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি ব্যবসা করতে পারছেন না। তার ছেলে ব্যবসা দেখাশোনা করছে। মাসে ওষুধের পেছনে তার খরচ হয় প্রায় তিন হাজার টাকার মত। যা তার ছেলের কাছ থেকে নিতে হয়। এটা সংসারের উপর একটি বাড়তি চাপ।
রাজবাড়ী শহরের রেলগেট এলাকার চা দোকানী প্রণব কুমার জানান, তার পায়ের ফোলা রোগ আছে। এজন্য বছরের ৯ মাস ওষুধ খেতে হয়। প্রতি মাসে গড়ে প্রায় তিন হাজার টাকার ওষুধ কিনতে হয়। ডাক্তার বলেছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে। কিন্তু তাকে দাঁড়িয়েই চা বানাতে হয়। কিছু করার নেই। সংসার চালাতে হলে তাকে কাজ করতেই হবে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী ডায়াবেটিক সমিতিতে গিয়ে দেখা যায় চিকিৎসার জন্য বসে আছেন প্রায় ৫০ জন রোগী। চিকিৎসা নিতে আসা ৬৫ বছর বয়সী রাজ্জাক শেখ জানান, তিনি ও তার স্ত্রী হালিমা বেগম দুইজনই নানান রোগে ভুগছেন। তিনি ভুগছেন ডায়াবেটিক, রক্তচাপ, হৃদরোগ এবং হাঁটুর ব্যথায়। তার স্ত্রী ভুগছেন কিডনি সমস্যায়। তিনি দিনমজুরের কাজ করতেন। অসুখ বিসুখের কারণে এখন আর কাজ করতে পারেন না। তার ছেলে দিনমজুরি করে সংসার চালায়। সেই ওষুধপত্র কিনে দেয়। গত কয়েক বছরে তাদের স্বামী-স্ত্রীর অসুখের পেছনে ৩০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। বলেন, আমরা গরীব মানুষ। ওষুধ আর ডাক্তারের পেছনেই সব টাকা চলে গেছে সংসার চালাবো কী করে।
রাজবাড়ী ডায়াবেটিক হাসপাগতালের কো-অর্ডিনেটর আইনদ্দিন শেখ জানান, তাদের হাসপাতালে ২৭ হাজার রোগীর বই আছে। ডায়াবেটিকস রোগীদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রতিবন্ধী যারা তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মাঝে মধ্যেই রাজবাড়ী জেলার বিভিন্ন হাটে বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২০২৪ সালের জুলাই মাস থেকে চলতি বছরের ফেব্রæয়ারি মাস পর্যন্ত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩২ টি ওষুধের ফার্মেসীকে জরিমানা করেছে। সংস্থাটির রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, সাধারণত ওষুধ ব্যবসা পরিচালনা হয় ড্রাগ অ্যক্ট দ্বারা। যেখানে ১৪টি শর্ত রয়েছে। ১৪টির মধ্যে একটি শর্ত হলো মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ। এই শর্ত ভঙ্গ হলে তারা জরিমানা করতে পারেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ বলেন, গ্যাস, রক্তচাপ, ডায়াবেটিকস এসব রোগ সম্পূর্ণরূপে নিরাময় হওয়া কঠিন। এসব রোগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এসব রোগ নানা কারণেই হতে পারে। যেমন খাদ্যাভ্যাসের কারণে হতে পারে। বেশির ভাগ মানুষ খাদ্য ঠিকভাবে চিবিয়ে খায়না। এজন্য গ্যাসের সমস্যা হতে পারে। একটু ধীরে সুস্থে খেলে বা ভাজা পোড়া খাবার এড়িয়ে চললে গ্যাসের সমস্যা থেকে মুক্ত হওয়া যেতে পারে। বংশগত কারণে ডায়াবেটিকস রোগ হতে পারে। এসব ওষুধ লম্বা সময় ধরে খাওয়া উচিৎ নয়। এর পাশর্^ প্রতিক্রিয়া হতে পারে। অপ্রয়োজনীয়ভাবে খেলে ক্ষতি হতেই পারে। আমাদের দেশের মানুষ তিনবেলা খায় এবং বেশি বেশি খায়। এজন্য আমাদের দেশে অসুখ বিসুখ বেশি বলে মনে করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে তারা নিয়মিত মনিটরিং করছেন। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে ক্ষতি হতে পারে।
























