জীবীকার তাগিদে মালয়েশিয়া গিয়ে লাশ হলেন কালুখালীর মাজেদ

- প্রকাশের সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 163

জীবীকার তাগিদে মালয়েশিয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাজেদ খান (২৯) নামে এক যুবক। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। গত ১০ মার্চ মালয়েশিয়ার পেনাং শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
মাজেদের পারিবারিক সূত্র জানায়, মোয়াজ্জেম খানের তিন ছেলের মধ্যে সবার বড় মাজেদ খান। মেঝ ছেলে ঢাকায় একটি প্রতিষ্ঠানে ছোটখাটো কাজ করেন। ছোট ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র। মাজেদ বাড়িতে কৃষি কাজ করতেন। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সংসারে স্বাচ্ছন্দ্য আনতে মাত্র ৯ মাস আগে মালয়েশিয়ায় যান মাজেদ। সেখানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত সোমবার সকালে নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় তিনি নিহত হন।
মাজেদের বাবা ক্রন্দনরত কণ্ঠে বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেল। কিছুই আর রইল না। মঙ্গলবার তার এক প্রতিবেশি ভাই মালয়েশিয়া থেকে ফোন করে জানায় মাজেদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি আরও জানান, তারা খুবই গরীব মানুষ। ছয় লাখ টাকা ঋণ করে ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সেখানে মাজেদ নির্মাণ শ্রমিকের কাজ করত। ছেলের পাঠানো টাকা দিয়ে ঋণ শোধ করবেন। তার সংসারে সচ্ছলতা আসবে এমন স্বপ্ন দেখতেন। তার সব স্বপ্ন ভেঙে চূড়মার হয়ে গেল। এখন ছেলের মরদেহের জন্য অপেক্ষায় আছেন তিনি। দ্রæত তার ছেলের মরদেহ দেশে আনার দাবি করেন তিনি।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিদেশে কেউ মারা গেলে তার মরদেহ আনার বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখভাল করে থাকে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।























