‘কোথাও নিরাপদ নয় নারীরা’
দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 138

দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, মহিলা পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, মহিলা পরিষদের নেত্রী সবিতা চন্দ, শেহনাজ ইসলাম, অ্যড. রেহেনাজ পারভীন সালমা, শায়লা তাবাসসুম নেওয়াজ, সম্পা প্রামানিক, সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার, স্কুল শিক্ষক ধীরেন্দ্র নাথ দাস, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখ, কষ্ট আর যন্ত্রণা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। একটা ছোট্ট শিশু থেকে বৃদ্ধরা পর্যন্ত কেউ নিরাপদ নয়। নারীদের ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই। কর্মস্থলে নিরাপত্তা নেই, শিক্ষার্থীরা তাদের পবিত্র শিক্ষাঙ্গনে নিরাপদে নেই। মাঠে ঘাটে যারা কাজ করেন তাদেরও নিরাপত্তা নেই। এ কোন সমাজে আমরা বাস করছি। বিচারহীনতার এ সংস্কৃতি কিছুতেই মেনে নেওয়া যায়না।
তারা আরও বলেন, এখন নতুন করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে নারীদের নিগৃহিত করা হচ্ছে। যা কোনোমতেই কাম নয়। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে এটাই একমাত্র সমাধান।























