ধর্ষণের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 118
দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি। নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের প্রতিটি নারী ও শিশু। প্রতিনিয়ত খবরের কাগজে ভাসছে ধর্ষণের খবর। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ নেই দেশের এই পরিস্থিতি নিয়ে। ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে না। ফলে প্রতিনিয়ত ঘটছে ধর্ষণের ঘটনা।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের একটাই দাবি, যেন দ্রুততার সাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।


























