রাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা
- প্রকাশের সময় : ০৬:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 211
বাংলাদেশের চলমান খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় সরকারের নিস্ক্রিয়তার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন, আপনারা যদি কাজ করতে না পারেন, তাহলে আমরা এ ধরনের এনজিও মার্কা সরকার চাই না। প্রয়োজনে ছাত্র সমাজ দায়িত্ব নেবে। যেমন আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি, এবারও সময় লাগবে না।
আইন বিভাগের শিক্ষার্থী প্রসনজিৎ সরকার বলেন, দেশে অরাজক পরিস্থিতি চলছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ভূমিকা রাখছেন না। তিনি যেন কাঠের পুতুল হয়ে বসে আছেন। তার পদত্যাগ এখন সময়ের দাবি।
পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ শিশির বলেন, আমরা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সংস্কারের জন্য, কিন্তু আমরা উল্টো নৈরাজ্য দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে গদি ছেড়ে ছাত্র-জনতার ওপর দায়িত্ব ছেড়ে দিন।
আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, যে নারীরা আন্দোলনে ছাত্রদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছেন। আর আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। উপদেষ্টাদের উদ্দেশে বলছি—‘সুশীলগিরির দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’।

























