স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- প্রকাশের সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 146
দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হতে থাকেন। পরে বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী অংশে অবরোধ শুরু করেন তারা। এসময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ত্রিশ মিনিট পর শিক্ষার্থীরা এই প্রতীকী অবরোধ তুলে নেন।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। ফলে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ছাত্র জনতার অভ্যত্থানের পর জন লগণের আকাঙ্খার সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্ত জনগণ যে আকাঙ্খা থেকে এই সরকার কে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশে ধর্ষণ, খুন, সন্ত্রাস, ছিনতাই প্রতিনিয়ত ঘটছে যা এই সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিচয়। সরকারের কাছে বলবো যথাযথ পদক্ষেপ নিতে যদি কোনো নির্দিষ্ট মহল বাঁধা দেয় তাহলে আপনারা জনগণের কাছে তা পরিষ্কার করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যথাযথ পদক্ষেপ নেন। দেশের সার্বিক নিরাপত্তার ব্যবস্থার সার্বিক উন্নয়ন করতে না পারলে আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দেবো।


























