মহান শহীদ দিবসে রাজবাড়ীতে উদীচীর নানা আয়োজন

- প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / 287

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অপর্ণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল পৌনে ৮টায় সংগঠনের কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর সংগঠনের নেতাকর্মীরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন। প্রভাতফেরি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদবেদীতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। বক্তব্য দেন জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী, জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক মো. আব্দুল জব্বার ও দপ্তর সম্পাদক সুমা কর্মকার। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদীচীর শিল্পীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় বাংলা ভাষা অর্জত হয়েছে। তবে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ সম্মান দেয়া হচ্ছে না। রাষ্ট্রের সব কাজে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার স্বীকৃতি দিতে হবে। এসময় বাংলা ভাষার বিকৃতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান হয়।























