রাজবাড়ীতে পদ্মার ভাঙন ঠেকানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার পানি সম্পদ মন্ত্রণালয় সেটাই করবে- পানি সম্পদ উপমন্ত্রী

- প্রকাশের সময় : ০৮:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / 297

জনতার আদালত অনলাইন ॥ পানি সম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, রাজবাড়ীর পদ্মা নদীর ভাঙন ঠেকানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার পানি সম্পদ মন্ত্রণালয় সেটাই করবে। সোমবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। অবৈধ বালু যারাই উত্তোলন করুক তারা যে পর্যায়ের লোকই হোক জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। অবৈধ স্থাপনা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই বছর যাবৎ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তিনি রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই জেলায় কোনো অবৈধ বালু উত্তোলন করা হলে আর তাদের কারণে যদি রাজবাড়ী শহর হুমকির মুখে হয় তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
উপমন্ত্রী আরও বলেন, রাজবাড়ীতে ৩৭৮ কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন প্রতিরোধের কাজ চলছে। এটা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনা শীফইয়ার্ড। এর মধ্যে ভাঙন দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। যে কাজটা চলমান সেটা এই বর্ষায় কোনোমতে নদীভাঙন ঠেকানো। আগামী বর্ষার আগে এই শহরটা যেন রক্ষা হয় সেটা দ্রুততার সাথে বাস্তবায়ন করবো সকলের সহযোগিতায় যেন ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারি। এরপর আগামী বছর বর্ষার আগে প্রকল্পের কাজ হাত নেওয়া হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান হোক বা পাউবো হোক কারো গাফিলতি থাকলে তা বরদাশত করা হবেনা। সবকিছু মিলিয়ে রাজবাড়ীকে রক্ষার জন্য একটি ডিজাইন করা হবে। আগামী দেড় মাস ঝুঁকিপূর্ণ সময়। এরপর এক বছর সময় পাওয়া যাবে। এই এক বছরের মধ্যে দ্রুততার সাথে কীভাবে গুণগত মান ঠিক রেখে ডিজাইন করে প্রয়োজনে বাইরের এক্সপার্ট দিয়ে কাজ করা হবে।
পরিদর্শনকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।





















