নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

- প্রকাশের সময় : ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 0

নওগাঁ জেলা প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শহরের ‘সখের পল্লী’ পার্ক অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের শুরুতে সকাল ৯টায় প্রাক্তন সৈনিক সংস্থার কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মূল অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী হোসনে আরা, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর ই আলম মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি মামুন বিন দোহাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া নওগাঁ প্রাক্তন সৈনিক সংস্থার উপদেষ্টামণ্ডলীর সদস্য, সংগঠনের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম এবং বাঙালি জাতি এই বীর সেনাদের অবদান কখনো ভুলবে না। বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার ছিলেন এবং তাঁরই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান (তারেক জিয়া) কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন।
অনুষ্ঠানে প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যরা সংগঠনের জন্য একটি স্থায়ী কার্যালয়ের দাবি জানালে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু আগামী দিনে সুযোগ এলে তা পূরণের আশ্বাস দেন।





















