নিউইয়র্কে ঝড়: বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

- প্রকাশের সময় : ১১:৫৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 5

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাহত হয়েছে থ্যাংকসগিভিং ডে উদযাপন। ঝড়ের কারণে ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং নিউইয়র্কসহ পূর্ব উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষে নিউইয়র্ক শহরে প্রতিবছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’। তবে শক্তিশালী ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার আয়োজনটি স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। একই সময়ে বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।
ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক ছাড়াও পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। পাশাপাশি উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।
প্যারেড স্থগিতের ঘোষণা মামদানির
ঝড়ের কারণে ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিতের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, নির্ধারিত দিনের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার প্যারেডটি অনুষ্ঠিত হবে।
ভিডিওবার্তায় মামদানি বলেন, ‘প্রিয় নিউইয়র্কবাসী, আমরা এখন ঝড়ের মুখে রয়েছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।’
এ সময় ঝড়ের ঝুঁকি এড়াতে বাসিন্দাদের ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবা দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।
সূত্র: এপি।

























