রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো

- প্রকাশের সময় : ১০:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 2

- ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই।
- স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না। আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ক্ষমতা ধরে রাখার লড়াই এবং অভিবাসন ইস্যুতে স্পেন-মরক্কোর টানাপোড়েন। স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি জায়গা করে নিয়েছে।রোববারের নির্বাচনে স্পেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আলবের্তো নুনিয়েজ ফেইহো বলেছেন, ফাইনাল আয়োজনের সুযোগ না পেলে স্পেনের বিশ্বকাপ আয়োজক হওয়া থেকেই সরে দাঁড়ানো উচিত। স্প্যানিশ লা লিগার প্রধান হাভিয়ের তেবাস এবং মাদ্রিদের রক্ষণশীল মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদাও উদ্বেগ প্রকাশ করেছেন। মেয়র তো বলেছেন, মরক্কোর মতো উচ্চাকাঙ্ক্ষা স্পেন সরকারের মধ্যে দেখছেন না বলে তিনি আশাবাদী হতে পারছেন না।চলতি মাসে ও আগামী মাসে বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করছেন ফিফার পরিদর্শকেরা। তবে ফাইনালের ভেন্যু কবে চূড়ান্ত হবে, তা এখনো জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিউইয়র্কের ঠিক বাইরে হবে, সেটি অবশ্য দুই বছর আগেই জানা গিয়েছিল।
ফাইনাল নিয়ে মরক্কোর এককাট্টা অবস্থানমরক্কোতে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের স্বপ্ন এখন অনেকটাই জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। দেশটির ফুটবল দলকে অর্থায়ন করে রাষ্ট্রীয় সার কোম্পানি ওসিপি। আর ফাইনাল আয়োজনের লক্ষ্যে দেশটি নির্মাণ করছে তাদের সাবেক রাজার নামে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান দ্বিতীয় স্টেডিয়াম। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম।অন্যদিকে স্পেনের অবস্থান অনেকটাই বিভক্ত। মাদ্রিদ ও বার্সেলোনা, দুই শহরের দুই বড় ক্লাবই ফাইনাল নিজেদের মাঠে চায়।রাবাতের ফুটবল সমর্থক বিলাল জুহারি মনে করেন, স্পেনের মতো মরক্কোরও ফাইনাল আয়োজনের সমান অধিকার আছে। ৩৯ বছর বয়সী এই সমর্থক বলেন, ‘ফিফা র্যাঙ্কিংয়ে মরক্কো এখন পঞ্চম। যারা ফাইনাল মরক্কোতে হলে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছে, তারা আসলে সেই দর্শকদের মতো, যারা রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে মাঠ ছেড়ে চলে যায়।’ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের আয়োজক কমিটির সাবেক প্রধান নির্বাহী রিকার্দো ট্রেডের মতে, শুরুতেই স্পেনের উচিত ছিল কোন শহরে ফাইনাল হবে, তা ঠিক করে নেওয়া। ২০১৬ অলিম্পিকের প্রধান নির্বাহী এবং ২০২২ বিশ্বকাপের পরিচালনাগত কার্যক্রমের উপপ্রধান নির্বাহীর দায়িত্বও পালন করা ট্রেড বলেন, ‘স্পেন ফাইনাল হারানোর ভয়ে ভীষণ উদ্বিগ্ন। অথচ তারা নিশ্চিতই ছিল যে ফাইনাল তাদের দেশেই হবে। একদিকে বার্সেলোনা নিজেদের দাবি জানাচ্ছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদও একই কাজ করছে। আর মরক্কো বিশ্বকাপ আয়োজনের প্রশ্নে অনেক বেশি ঐক্যবদ্ধ। তাদের ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়ামও আছে।’
গত সেপ্টেম্বরে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ফাইনাল ক্যাম্প ন্যুতে আয়োজনের পক্ষে প্রচার চালান। তাঁর যুক্তি ছিল, ১৯৮২ বিশ্বকাপের ফাইনাল তো বার্নাব্যুতেই হয়েছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কয়েকজন কর্মকর্তা এতে বিরক্ত হন। তাঁদের আশঙ্কা, লাপোর্তার এমন অবস্থান মরক্কোর বিরুদ্ধে স্পেনের সম্মিলিত প্রচেষ্টাকে দুর্বল করছে।বিডে যুক্ত থাকা পর্তুগালের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মরক্কোকে শুরুতে আয়োজক হিসেবে যুক্ত করা হয়নি বলে ফাইনাল স্পেনেই হবে—এমনটা ধরে নিয়ে স্পেন আসলে পরিস্থিতি বুঝতে ভুল করেছে। তাঁর কথায়, এমনটা যে হতে পারে, তা তাদের আগে থেকেই আঁচ করা উচিত ছিল।তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেল স্পেনের ভেতরের বিভক্তির কথা অস্বীকার করেছেন। তাঁর মতে, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের দুটি বিকল্প থাকা বরং তাদের সম্ভাবনা বাড়িয়েছে।দে মিগেল আরও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের বিড তৈরির সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিজেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। তখন ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ২০২৩ নারী বিশ্বকাপে স্পেনের খেলোয়াড় হেনি এরমোসোর ঠোঁটে চুমু দেওয়ার ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন। দে মিগেল রয়টার্সকে বলেন, ‘এত বড় একটি প্রকল্প, যেখানে নানা জটিল স্বার্থ জড়িত, সেটি এগিয়ে নেওয়ার জন্য তখন ফেডারেশনের পরিবেশ খুব একটা অনুকূল ছিল না।’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
একই সময়ে অভিবাসন ইস্যুতে স্পেন ও মরক্কোর সম্পর্কেও উত্তেজনা ছিল। ২০২১ সালে হাজারো মানুষের স্পেনের আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টা সেই উত্তেজনা আরও বাড়িয়েছিল।আরএফইএফের এক সূত্রের দাবি, ২০১৮ সালে মরক্কোকে বিডে যুক্ত করার আমন্ত্রণ জানাতে চেয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেই রাবাত সফরে গিয়ে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ ঘোষণা দিতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে ফেডারেশনের আলোচনা হয়। শেষ পর্যন্ত সরকারের ও ফিফার অনুরোধে কাসাব্লাঙ্কাকে ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করতে রাজি হয় আরএফইএফ। ফেডারেশনের তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি সানচেজের কার্যালয়।
ফাইনাল নির্ধারণে ইনফান্তিনোর ভূমিকাফাইনালের ভেন্যু নির্ধারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে। বিশ্বকাপ আয়োজনের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা সামনে আনার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছে। এ নিয়ে ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেছে উয়েফা।লা লিগাপ্রধান তেবাসের অভিযোগ, ইনফান্তিনো নিজের পুনর্নির্বাচনের প্রচেষ্টায় মরক্কোর সমর্থন পাচ্ছেন। সে কারণেই ফাইনাল আয়োজনের ক্ষেত্রে দেশটিকে এগিয়ে রাখবেন তিনি। গত সেপ্টেম্বরে তেবাস বলেছিলেন, ইনফান্তিনো যদি ক্ষমতায় থাকেন, তাহলে স্পেনের ফাইনাল পাওয়ার সম্ভাবনা খুবই কম, এমনকি একেবারেই নেই।মরক্কোর ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর অন্যতম জোরালো সমর্থক। বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকে রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটিয়েছেন ইনফান্তিনো। আগামী মার্চে মরক্কোতেই অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস, সেখানে পুনর্নির্বাচনে তাঁর জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।তবে স্পেনের পক্ষেও আছে একটি বড় নাম—রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ইনফান্তিনোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। লা লিগার এক সূত্রের মতে, ফাইনালের ভেন্যু স্পেনের পক্ষে আনতে ইনফান্তিনোকে রাজি করানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন পেরেজ।দে মিগেলের অবশ্য বিশ্বাস, ফিফার শাসনব্যবস্থা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখন সংস্থাটি স্বাভাবিক বা যৌক্তিক প্রার্থী হিসেবেই স্পেনকে বেছে নেবে। ফিফা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নির্বাচনের কোনো নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া নেই। আয়োজক শহর, দেশ ও সরকারগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
স্টেডিয়াম, হোটেল ও যোগাযোগব্যবস্থায় কে এগিয়ে?স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতায় মাদ্রিদ এগিয়ে। ২০১৮ সালে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের কোপা লিবার্তাদোরেস ফাইনাল মাদ্রিদে আয়োজনের কথা মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। সমর্থকদের সহিংসতার কারণে আর্জেন্টিনায় হওয়ার কথা থাকা সেই ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছিল স্পেনের রাজধানীতে।অন্যদিকে মরক্কোর রাবাতে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কথাও তুলে ধরছে স্পেন। সেই ম্যাচে মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগালের কোচ খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে নির্দেশ দিয়েছিলেন। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়। এমনকি সেনেগালের গোলকিপারের সরঞ্জাম সরিয়ে নিয়েছিল বল বয়রা।স্টেডিয়ামের ধারণক্ষমতার হিসাবেও অবশ্য স্পেনের পাল্টা যুক্তি আছে। দে মিগেলের হিসাবে, ২০২৮-২৯ মৌসুমের মধ্যে সংস্কারকাজ শেষ হলে ক্যাম্প ন্যুর দর্শক ধারণক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজার। প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে সংস্কারের পরও বার্নাব্যুর ধারণক্ষমতা হবে ৮৪ হাজার। আর মরক্কোর হাসান দ্বিতীয় স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা থাকবে ১ লাখ ১৫ হাজার।





















