জাবিতে শুরু হলো ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’

- প্রকাশের সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 23

প্রায় চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘ম্যানেজমেন্ট উইক ৭.০’। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সাইফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নিলাঞ্জন কুমার সাহা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আসাদুল্লাহ, মো. রুবেল, মো. মাহফুজুর রহমান, সুনীতি দেবী মণ্ডল ও আফিফ বিন মুসতাকিমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে ফ্ল্যাশমব পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
আয়োজনের বিষয়ে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘প্রায় চার বছর পর ৫১তম আবর্তনের উদ্যোগে ম্যানেজমেন্ট উইক আয়োজিত হচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যাশা, বিভাগ প্রতিবছরই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেবে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে।’
তিনি আরও জানান, উৎসবের দ্বিতীয় দিন সোমবার (২৩ নভেম্বর) ট্রেজার হান্ট ও স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হবে। তবে স্পোর্টস কার্নিভালটি কেন্দ্রীয় খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
























