ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

- প্রকাশের সময় : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 2

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসির নির্দেশনায় সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন বাতদীঘি এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ফেয়ারডিল এবং ২০ বোতল রেসকোডিল সিরাপ উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।























