জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

- প্রকাশের সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 11

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই নেতাকে আটক করা হয়। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে আয়োজিত বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন শাকিল। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও ছাত্রদল নেতারা তাঁকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, শাকিলের মুঠোফোন যাচাই করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তাঁর যুক্ত থাকার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করেননি এবং এখনো বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।
এদিকে, শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রনেতাকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে আসেন। পরিচয় যাচাই করে জানা যায়, তিনি দর্শন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি জানার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয় এবং পরে তাঁকে পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়।

























