পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

- প্রকাশের সময় : ১০:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 10

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিরা। এ সময় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এসব কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি ও অগ্রযাত্রাকে হুমকির মুখে ফেলে। দেশের স্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























