এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন

- প্রকাশের সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 14

মোবাইল ও অনলাইন প্রতারণা রোধ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ এবং নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি সিম নিবন্ধনে বায়োমেট্রিক যাচাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ‘ফেস ভেরিফিকেশন’ পদ্ধতি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালু হলে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ঠেকানো সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সারা দেশের সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতারণা ও অবৈধ কার্যক্রম দমনে সরকারের পদক্ষেপ তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর এবং ওয়েবসাইট বা লিংক বন্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। এ ছাড়া অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে মোবাইল অপারেটরদের মাধ্যমে গণমাধ্যম, খুদে বার্তা (এসএমএস) ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। সঠিক নিয়মে সিম নিবন্ধন এবং নিজ নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাইয়ের বিষয়েও এসব প্রচারণায় গুরুত্ব দেওয়া হচ্ছে।























