আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কী

- প্রকাশের সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 30

ঢাকার জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে বসে তখন ডিজিটাল ঘড়ির নাম্বার গুনছেন অনেকে। ম্যাচের বয়স ৮৫ মিনিট পেরিয়েছে। গ্যালারিভর্তি দর্শকের গর্জন আর উত্তেজনা, সঙ্গে ২১ বছর পর আবারও সাফের ফাইনালে ওঠার স্বপ্ন—সবকিছু যেন এক সুতায় বাঁধা। ঠিক সেই মুহূর্তেই ঘটল অঘটন। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বল গ্রিপ করে তাড়াহুড়ায় থ্রো করতে গেলেন আর বলটি গিয়ে পড়ল প্রতিপক্ষের পায়ে। বদলি নামা হাইয়ান খাট্টাকের তৈরি করা সুযোগে আবদুল সামাদ আরশাদের নিচু শটে ভেঙে গেল রক্ষণ-দেয়াল, সেই সঙ্গে বাংলাদেশের ফাইনাল-স্বপ্নও। পাকিস্তানের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দের বিপরীতে স্বাগতিকদের সঙ্গী হলো গভীর হতাশা।১-০ গোলের এই হারের পর আঙুল উঠছে গোলকিপার শ্রাবণের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাঁর তুমুল সমালোচনা। কিন্তু প্রেসবক্সের উঁচু আসন থেকে পুরো ৯০ মিনিটের চিত্রটা দেখলে বোঝা যায় শ্রাবণ শুধুই এই পরাজয়ের তাৎক্ষণিক অনুঘটক, মূল খলনায়ক নন। বাংলাদেশের এই বিদায় আসলে গোটা দল এবং টিম ম্যানেজমেন্টের এক সম্মিলিত ব্যর্থতার গল্প।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
ফুটবলে গোলকিপারের ভুল সবচেয়ে বেশি চোখে পড়ে। কারণ, তাঁর পেছনে আর কেউ থাকেন না। অথচ ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত এই শ্রাবণই ছিলেন বাংলাদেশের ত্রাতা। দ্বিতীয় মিনিটে আলী উজাইরের দূরপাল্লার শট এবং ৭৬ মিনিটে বক্সের প্রান্ত থেকে আদিল নবীর বাঁকানো ফ্রি–কিক এবং এরপর আলী খানের নিশ্চিত গোল বাঁচিয়ে তিনিই দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে কোনো গোল হজম না করার পেছনেও তাঁর বড় ভূমিকা ছিল। কিন্তু সেমিফাইনালে শেষ মুহূর্তের ওই একটি অসতর্ক থ্রো সবকিছু শেষ করে দিল। তবে প্রশ্ন হলো, ৮৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কেন একটি গোলও করতে পারল না?
এখানেই কোচ টমাস ডুলির কৌশলে বড় ধরনের গলদ চোখে পড়েছে। ম্যাচে ৬০ শতাংশের বেশি বলের দখল বাংলাদেশের পায়ে ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল অনেকটাই উদ্দেশ্যহীন। কোচ সম্ভবত পাকিস্তানের শক্তির দিকটা সঠিকভাবে পড়তে পারেননি বা অতি আত্মবিশ্বাসে পড়ার চেষ্টা করেননি। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে আসা পাকিস্তান দলটির সামর্থ্য সম্পর্কে ডুলির স্পষ্ট ধারণা ছিল বলে মনে হয় না।
পাকিস্তানের কাছে যেভাবে হেরে ভাঙল বাংলাদেশের স্বপ্ন
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
সেমিফাইনালের আগে পাকিস্তান যে ৫ জন ইউরোপীয় প্রবাসী ফুটবলার যুক্ত করে দলের শক্তি বাড়িয়েছে এবং পেরুর কোচ নলবার্তো সোলানোর অধীন তারা যে ঢাকার মাঠে বাংলাদেশকে এভাবে রুখে দিয়ে জিতে যেতে পারে, তা নিয়ে দলের ভেতর পর্যাপ্ত কাজ হয়েছে সেটা বিশ্বাস করা কঠিন। ২০২৫ সালের জুলাইয়ে পাকিস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সোলানো দলটিকে বেশ গোছানো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন। বিশেষ করে প্রবাসী ও তরুণ ফুটবলারদের দলে ভিড়িয়ে এবং রক্ষণভাগ শক্তিশালী করে পাকিস্তানের খেলায় স্পষ্ট উন্নতি এনেছেন এই কোচ।সোলানো বাস্তববাদী ফুটবলে বিশ্বাস করেন। পাকিস্তানের মতো তুলনামূলক দুর্বল দলের দায়িত্ব নেওয়ার পর মূলত ৫-৩-২ ফরমেশনে রক্ষণ সামলে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলাতে পছন্দ করেন। বাংলাদেশের বিপক্ষে ঠান্ডা মাথায়, অঙ্ক কষে তারা সেই প্রতি আক্রমণের ছকেই সফল হয়েছে।
দলটি যখন অধিনায়ক আবদুল্লাহ ইকবাল ও ঈসা সুলাইমানদের গড়া শারীরিক সামর্থ্যনির্ভর লো ব্লক দারুণ কার্যকর করে তুলেছিল, সেই প্রাচীর ভাঙার কোনো বিকল্প পরিকল্পনা বাংলাদেশ কোচের হাতে ছিল বলে মনে হয়নি। সাফের সেমিফাইনালের মতো এত বড় ম্যাচে একজন কোচের বিকল্প পরিকল্পনা না থাকলে শেষ পর্যন্ত জেতা কঠিনই। হ্যাঁ, গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হামজা চৌধুরীকে কিছুটা ওপরে খেলিয়ে কোচ সফল হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের মতো শারীরিকভাবে শক্তিশালী ও দীর্ঘদেহী দলের বিপক্ষে হামজাকে ওপরে রাখায় মাঝমাঠের রক্ষণাত্মক সুরক্ষা ভেঙে পড়ে। ফলে প্রতি আক্রমণে পাকিস্তান বারবার বিপজ্জনক হয়ে ওঠে।
হামজা, শমিত, কাজেমরা ইউরোপীয় ধাঁচের দ্রুতগতির পাসিং ফুটবল খেলতে চাইলেও ফরোয়ার্ডদের অব দ্য বল মুভমেন্ট এবং ফিনিশিংয়ের দুর্বলতার কারণে প্রবাসী মিডফিল্ডারদের তৈরি করা সুযোগগুলো ফাইনাল থার্ডে গিয়ে বারবার নষ্ট হয়েছে।





















