রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া

- প্রকাশের সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 9

ক্রিকেটে বল টেম্পারিংয়ের ইতিহাসে ২০১৮ সালের কেপ টাউন টেস্ট একটি কলঙ্কিত অধ্যায়। সেই ঘটনায় অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। কিন্তু ঘটনাটি যে কেবল কেপ টাউনেই সীমাবদ্ধ ছিল না, সেই দাবি এবার সামনে এনেছেন উসমান খাজা। তাঁর দাবি, কেপ টাউন টেস্টের আগেও বল বিকৃতি ঘটিয়েছিল অস্ট্রেলিয়া দল। সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবারা টেস্টে।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
নিজের আত্মজীবনী ‘সবর’–এ এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান। আজ প্রকাশিত বইটির বল টেম্পারিং অধ্যায় নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। কয়েক দিন আগেই খাজা দাবি করেছিলেন, কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের সবাই বল বিকৃতির ঘটনায় জড়িত ছিলেন। এবার সামনে আনলেন আরও পুরোনো একটি ঘটনা।২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গেবারার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘটেছিল ঘটনাটি। অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তখন ২ উইকেটে ১৫৩ রান তুলে ফেলেছে। ডিন এলগার ও হাশিম আমলা গড়েছেন ৮৮ রানের জুটি। কিন্তু বিরতির পর মাঠে ফিরেই পাল্টে যায় ম্যাচের চিত্র। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
খাজার দাবি, বিরতির সময় শিরীষ কাগজ দিয়ে ঘষে বলের এক পাশ খসখসে করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাতে শুরু হয় ভয়ংকর রিভার্স সুইং। খাজা লিখেছেন, ‘পরের সেশনেই আমরা দক্ষিণ আফ্রিকানদের ওপর চড়াও হই। বিরতির পর মাঠে নেমেই ‘ব্যাঙ্গার্স’ (ব্যানক্রফট) আম্পায়ারদের মাঠে রেখে যাওয়া বলটি তুলে নিয়ে তাতে কয়েকবার মোচড় দিল। বলটি একেবারে মনের মতো হয়ে গেল। (বলের) চকচকে অংশ চকচকেই রইল, স্যান্ডপেপারের (শিরীষ কাগজ) কল্যাণে অপর পিঠ দারুণভাবে খসখসে ও শুষ্ক হয়ে উঠল।’
ঘটনাটি নিয়ে খাজার বর্ণনায় আরও চমক আছে। বলের অস্বাভাবিক সুইং দেখে অস্ট্রেলিয়ার এক বোলার পর্যন্ত বিস্মিত হয়ে পড়েছিলেন। খাজার ভাষায়, ‘বল এত বেশি সুইং করছিল যে একটি উইকেটের পতন হওয়ার পর এক বোলার বলেই ফেলল, ‘বল এখন প্রচুর সুইং করছে। দয়া করে আর কিছু কোরো না, কারণ বল যেভাবে সুইং করছে তা সত্যিই পাগলামি।’ আমরা হেসে উঠলাম (আমরা আর কিছু করার পরিকল্পনা করিনি। বিরতির পরপরই বলের যা ক্ষতি করার, তা করা হয়েছিল।)’খাজা জানিয়েছেন, বলের এমন পরিবর্তন দেখে তিনিও অবাক হয়েছিলেন। তাঁর ভাষায়, ‘প্রতিবার সেশনের সময় যখনই বলটি গালিতে (ফিল্ডিং অঞ্চল) আমার হাতে আসত, আমি একবার করে তাকিয়ে ভাবতাম, “কী কাণ্ড, আমি নিজেও তো এই বলে রিভার্স সুইং করাতে পারি!” বেশ অদ্ভুত ছিল ব্যাপারটি। বোলাররা তাদের কাজ শুরু করে দারুণ বোলিং করল। বল যেন চোখের পলকে বাঁক খাচ্ছিল। মাত্র ২৮ রানে ৪ উইকেট তুলে নিলাম আমরা।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
খাজার দাবি, দক্ষিণ আফ্রিকা ২৫ ওভারের কম সময়ের মধ্যেই বল রিভার্স সুইং করাতে পেরেছিল। অথচ অস্ট্রেলিয়ার প্রয়োজন হয়েছিল ৪০ থেকে ৫০ ওভার। পোর্ট এলিজাবেথের সেই ইনিংসে অস্ট্রেলিয়া রিভার্স সুইংয়ের কাছাকাছিও যেতে পারেনি।বল বিকৃতির বিষয়ে ব্যানক্রফটকে আগেই সতর্ক করেছিলেন খাজা। কারণ, মাঠে প্রচুর ক্যামেরা ছিল। খাজা লিখেছেন, ‘এটা শিল্ড ক্রিকেট নয়’ বলে তিনি ব্যানক্রফটকে সতর্ক করেছিলেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্প’-এর খবর অনুযায়ী, কেপ টাউনে বল টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ার আগেই ব্যানক্রফট স্বেচ্ছায় শিরীষ কাগজ ব্যবহারে রাজি হয়েছিলেন।
খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল
তবে গেবারার ঘটনায় কোনো বোলারের নাম উল্লেখ করেননি খাজা। ২০২১ সালে বল টেম্পারিং নিয়ে যৌথ বিবৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘বোলাররা কী দেখেছিল বা দেখেনি, তা আমি এখানে বলতে যাচ্ছি না। বোলারদের আক্রমণ করাও আমার উদ্দেশ্য নয়। ঘটনাটি ঘটার পর অনেক দিন পেরিয়ে গেছে এবং আমি আগেই স্পষ্ট করে বলেছি, আমরা ভুল করেছিলাম এবং সেটা দল হিসেবে। আর বছরের পর বছর ধরে আমরা সবাই এ বিষয়ে মুখ বন্ধ রেখেছি।’গেবারা টেস্টে শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকাই। এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ১২৬ রানের ইনিংসটি ছিল ম্যাচের অন্যতম সেরা দৃশ্য। ১৪৬ বলের ইনিংসটিকে খাজা তাঁর দেখা ‘অন্যতম সেরা ইনিংস’ বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, ‘আমরা যে পরিমাণ রিভার্স সুইং পাচ্ছিলাম, তা সামলে এই ইনিংস দেখাটা ছিল সত্যিই রোমাঞ্চকর।’



















