৯৭ মিনিটে দারুণ সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা

- প্রকাশের সময় : ০৪:০০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 2

একটা সেভ কখনো কখনো একটা ট্রফির সমান। ৯৭ মিনিটে ভোজিনিয়া যখন নুবলেনসের নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেন, তখন শুধু একটা ম্যাচের জয় নিশ্চিত হয়নি, নিশ্চিত হয়েছে কোলো কোলোর শিরোপাও। ৪০ বছর বয়সী এই গোলকিপারের হাতে উঠেছে চিলির লিগ ট্রফি। বিশ্বকাপের আলোঝলমলে মঞ্চ থেকে এবার ক্লাব ফুটবলের শিরোপা–উৎসব। ভোজিনিয়ার জীবনের গল্পে যোগ হলো আরেকটি স্মরণীয় অধ্যায়।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
রোববার নুবলেনসের মাঠে ২-১ গোলের নাটকীয় জয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো কোলো। ক্লাবটির ইতিহাসে এটি ৩৫তম লিগ শিরোপা। আর ভোজিনিয়ার ক্যারিয়ারে কোলো কোলোর হয়ে প্রথম ট্রফি।ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেন্দেজের কর্নার থেকে প্রথমবারের মতো শট নিয়ে গোল করেন আরতুরো ভিদাল। সাবেক বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ফ্লামেঙ্গো মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় কোলো কোলো। ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতা ফেরায় নুবলেনসে। ম্যাচের নাটক জমে ওঠে শেষ দিকে। যোগ করা সময়ে জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে গোল করেন কোলো কোলোর মার্কোস বোলাদোস। এরপর ৯৭ মিনিটে ভোজিনিয়ার দুর্দান্ত সেভ। প্রতিপক্ষের শেষ আক্রমণ ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন ৪০ বছর বয়সী এই গোলকিপার।
২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে কোলো কোলো। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির পয়েন্ট ৫১। ব্যবধান ১০ পয়েন্টের। ফলে বাকি তিন ম্যাচের ফল আর শিরোপার ভাগ্য বদলাতে পারবে না।
বিশ্বকাপের নায়ক সেই ভোজিনিয়ার এখন সময় কাটছে ক্লাবের বেঞ্চে বসে
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
ট্রফি হাতে ভোজিনিয়ার আনন্দটা ছিল বাঁধভাঙা। বলেছেন, ‘এটা আমার জীবনের, আমার ক্যারিয়ারের এত দিনের সব অভিজ্ঞতার চূড়ান্ত পরিণতি।’ শিরোপাটি নিজের পরিবার ও মাতৃভূমি কেপ ভার্দেকে উৎসর্গ করেছেন ভোজিনিয়া। আগামী মৌসুমে কোলো কোলোর হয়ে কোপা লিবার্তাদোরেস খেলবেন কি না, সে প্রশ্নে আপাতত ভাবতে চান না। ভোজিনিয়ার কথায়, ‘আজ উদ্যাপনের দিন। ভবিষ্যৎ নিয়ে পরে কথা হবে। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
ভোজিনিয়ার জীবনে গত কয়েক মাস ছিল রূপকথার মতো। ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব ফুটবলের নজর কেড়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল মাত্র ৫০ হাজার। সেই ম্যাচের পর কয়েক ঘণ্টায় সংখ্যাটা বেড়ে কয়েক মিলিয়ন। এখন অনুসারী ২ কোটি ৭৫ লাখ। অ্যাডিডাস, পেপসি ও রেড বুলের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত হয়েছেন। ব্যালন ডি’অরের সেরা গোলকিপারের ভোটে হয়েছেন ষষ্ঠ।অথচ বিশ্বকাপের আগে খেলেছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগে। বিশ্বকাপের পর জুলাইয়ের শেষ দিকে যোগ দেন চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলোয়। আতশবাজির আলোয় হাজারো সমর্থকের সামনে এসতাদিও মনুমেন্তালে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। যেন সিনেমার কোনো দৃশ্য!
তবে ক্লাব ফুটবলে তাঁর পথচলা এতটা মসৃণ ছিল না। কোলো কোলোর হয়ে এখন পর্যন্ত সম্ভাব্য ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন ভোজিনিয়া। দলে প্রথম পছন্দ হিসেবে আছেন ১৯ বছর বয়সী চিলিয়ান গোলকিপার গ্যাব্রিয়েল মাওরেইরা। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার ক্লদিও ব্রাভোও ভোজিনিয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।























