প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

- প্রকাশের সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 7

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার।
পরিদর্শনকালে তিনি বলেন, “বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করে চলেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, সারা দেশের স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও আধুনিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
রোববার হাসপাতালটি পরিদর্শনকালে ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিটুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

























