কালীগঞ্জে মাদক, বাল্যবিয়ে ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান

- প্রকাশের সময় : ০৭:১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 35

মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, বাল্যবিয়ে, আত্মহত্যার প্রবণতা এবং অনলাইন জুয়ার বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নতুন ও তরুণ প্রজন্মকে এসব ব্যাধি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, মাদক একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করার পাশাপাশি পুরো পরিবারকে বিপর্যস্ত করে তোলে। একইভাবে বাল্যবিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলে। অন্যদিকে হতাশা ও মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মহত্যা প্রতিরোধে মানবিক সহায়তা ও সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। এ ছাড়া মোবাইল ক্যাসিনো ও অনলাইন জুয়ার ক্ষতিকর আসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভা থেকে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদের এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, তৈয়বুর রহমান মিনি, ইলিয়াস রহমান মিটু ও জীবনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।























