ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত: তারেক

- প্রকাশের সময় : ০৪:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 18

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় নির্বাচনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। একই সঙ্গে পোস্টাল ভোটে জালিয়াতির মাধ্যমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তারেক রহমান।
পোস্টে তিনি বলেন, ‘জামায়াত গালিগালাজ করে জিততে চায়। মানুষ গালিকে সমর্থন করল কি না, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন দেখুন।’ অসহিষ্ণু ও উগ্রদের নির্বাচিত করে মানুষ নিজেকে বিপদে ফেলবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘তারা মূলত ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছিল। পোস্টাল ভোটে জালিয়াতিতে জামায়াত আমির আর নাহিদকে নির্বাচিত করেছিল।’
এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে নির্বাচনে দাঁড় করানো জামায়াতের আরেকটি কারসাজি ছিল বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’
অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে নির্বাচনের ফল প্রভাবিত করার অভিযোগও তোলেন আমজনতার দলের এই নেতা। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, এসব কারসাজি ছাড়া শুধু গালিগালাজ করে জামায়াত কয়টি আসন পেত?





















