রাজধানীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

- প্রকাশের সময় : ১০:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 13

রাজধানীর উত্তরা পশ্চিম ও ভাটারা থানা এলাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে এসআরবি-১। বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-১-এর উত্তরার অধিনায়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ এক নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর একই দিন বিকেল ৩টার দিকে এসআরবি-১-এর সিপিসি-২-এর একটি দল ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ৮টা থেকে ২৭ অক্টোবর রাত ১টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাঁদের ঢাকায় আনা হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে একটি বাসায় আটকে রাখা হয় তাঁদের।
এ সময় তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধার হওয়া ১২ নারীকে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।




















