সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল

- প্রকাশের সময় : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 2

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে সংঘবদ্ধ হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শহরের এইচএসএস সড়ক থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াজির আলী স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড স্বপন বাগচী। জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপুর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ।
সমাবেশে বক্তারা বলেন, সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ওপর ন্যক্কারজনক আঘাত। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সিপিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব আন্দোলনে দলটির বহু নেতাকর্মী রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবন ছিল আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের এ কর্মকাণ্ড গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও স্বাধীন রাজনৈতিক চর্চার পরিপন্থী। হামলা ও ভয়ভীতি দেখিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। মুক্তিযুদ্ধের আগে কিংবা স্বাধীনতার পর সন্ত্রাসের মাধ্যমে কেউ সিপিবির সংগ্রামকে থামাতে পারেনি।
তারা বলেন, সাংস্কৃতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি। এসব অধিকার সংকুচিত করে ভিন্নমত দমনের প্রবণতা দেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার এ ঘটনায় বিচারের দায়িত্ব পালন করে কি না, তার ওপর দেশের গণতান্ত্রিক উত্তরণে জনগণের পরবর্তী করণীয় নির্ভর করবে।




















