নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১

- প্রকাশের সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 21

নওগাঁয় অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা এবং পুলিশের সদস্যরাও অংশ নেন।
অভিযানকালে চক রাজবল্লভ এলাকার বাসিন্দা মোস্তাফা আলীকে কষ্টিপাথরের তৈরি শিবলিঙ্গসহ আটক করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ২৪৫ কেজি এবং আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।





















