পরিবহন সংকট নিরসনে পবিপ্রবি-বিআরটিসি চুক্তি, চালু হচ্ছে দুই ডাবল ডেকার বাস

- প্রকাশের সময় : ১০:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 22

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে দুটি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে। এ লক্ষ্যে বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির পক্ষে বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিযান কর্মকর্তা মো. মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্টরা।
এর আগে গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষামূলক যাত্রার আয়োজন করা হয়। সে সময়ই নিয়মিত চলাচলের জন্য দুটি বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ডাবল ডেকার বাস দুটি চালু হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি যাতায়াতে দুর্ভোগ কমে স্বস্তি ফিরবে শিক্ষার্থীদের মধ্যে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























