লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি

- প্রকাশের সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 4

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ। এ কর্মসূচি সফল করতে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চলছে সাংগঠনিক তৎপরতা।
লংমার্চের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ঝিনাইদহ সফর করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম ও ছগির আহম্মেদসহ স্থানীয় নেতারা।
পরিদর্শন শেষে নেতারা জানান, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত লংমার্চ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে। কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।






















