রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

- প্রকাশের সময় : ০৭:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 12

রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
আহত লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে রিকশায় করে শহরের কাপড় বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পেছন থেকে দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় তিনি রিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে একটি গুলি তার হাতে লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাসপাতালে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গুলির ঘটনায় আহত ব্যক্তি সুস্থ আছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



















