কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার তালিকা করতে টাকা আদায়ের অভিযোগ

- প্রকাশের সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 6

ঝিনাইদহের কালীগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা প্রদানের তালিকা তৈরির নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সহকারী হিসাবরক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ভাতার তালিকাভুক্ত ব্যক্তিরা।
জানা গেছে, নিয়ামতপুর ইউনিয়নের ১৫টি মসজিদের ৪৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়। তাঁদের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করার কথা বলে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হিসাবে মোট আদায়ের পরিমাণ ৪ হাজার ৫০০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইমাম জানান, মুঠোফোনে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে বলা হয়। সেখানে তাঁদের ছবি ও প্রয়োজনীয় তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়। এ কাজের জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের সহকারী হিসাবরক্ষক জহুরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানপ্রতি ১০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে অনেকে টাকা দেননি। সব মিলিয়ে ১ হাজার ২২০ টাকা আদায় হয়েছিল। আদায় করা টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সম্মানী ভাতা প্রদান তালিকা যাচাই-বাছাই কমিটির সভাপতি রেজওয়ানা নাহিদ বলেন, এ কাজের জন্য কোনো ধরনের টাকা নেওয়ার নিয়ম নেই। কেউ টাকা নিয়ে থাকলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















