ধর্ম-বর্ণভেদে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করেছে সংবিধান: অ্যাটর্নি জেনারেল

- প্রকাশের সময় : ১২:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 5
বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিক সমান অধিকার ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের কারণে কারও প্রতি বৈষম্য বা নিপীড়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত করেছে। কেউ ভিন্ন ধর্মের অনুসারী হলেও রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করার অধিকার তাঁর রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কারও ওপর নিপীড়ন চালানোর সুযোগ নেই।
পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অতীতে শারদীয় দুর্গাপূজার সময় বিভিন্ন মণ্ডপে প্রতিমা ভাঙচুর কিংবা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজনে বাধা দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যেত। তবে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, যা অত্যন্ত স্বস্তিদায়ক।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠেছে। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















