কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৫:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 17
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম রেজাউল করিম বলেন, ‘ফ্যামিলি কার্ড সরকারের একটি যুগান্তকারী ও জনবান্ধব উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা হবে।’
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম বাদল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও মো. শাহজালাল মিয়া, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান এবং উপজেলা মহিলা দলের সভাপতি কাজী শারমিন আক্তার।
এ ছাড়া কালুখালী উপজেলায় কর্মরত সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।





















