পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
- প্রকাশের সময় : ০২:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 9
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ সিদ্ধান্তের অনুমোদন দেন বলে সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে সংবিধানের ২৩২ ও ২৩৩ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারির জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রদেশটির নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল। সম্প্রতি প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির নেতৃত্বে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন ও লংমার্চ চলছে। গত ৫ অক্টোবর থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করলেও তা এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই।
দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তিনি পিটিআইকে দেশের অর্থনীতি ধ্বংস করতে দেবেন না।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, জরুরি অবস্থা জারির ফলে প্রদেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ এবং সাধারণ মানুষের কিছু মৌলিক অধিকার সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সেখানে গভর্নর শাসন চালুর কথাও উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য ডন





















