শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই
- প্রকাশের সময় : ০৩:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 7
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও আইনজ্ঞ নাভেনথাম ‘নাভি’ পিলাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল কমিটির মূল্যায়নে বলা হয়, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিলাই। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।
বর্ণবৈষম্যের যুগে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় বংশোদ্ভূত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিলাই। পরবর্তী সময়ে তিনি আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। মানবাধিকার ও আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসন থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
নোবেল শান্তি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ সম্মান পেয়েছিলেন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি পুরস্কারটি অর্জন করেন। অন্যদিকে, জোসেফ রোটব্লাট ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।





















