মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার
- প্রকাশের সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 19
২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ উপজেলার বিভিন্ন নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে জেলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের নদীতে মাছ ধরতে যাওয়া থেকে বিরত রাখতে সরকারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জেলেদের সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা বা মজুত করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।






















