নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা
- প্রকাশের সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 8
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিদেশে উচ্চশিক্ষার পথ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এ কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, অধিকাংশ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী হলেও সবাই সেই সুযোগ কাজে লাগাতে পারেন না। বিদেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে এগোনোর পাশাপাশি বিভিন্ন বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য জানা প্রয়োজন। তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বৃত্তির সুযোগ গ্রহণ করতে পারেন না। দেশের শিক্ষার্থীরা মেধার দিক থেকে অন্য দেশের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে নেই; প্রয়োজন সেই মেধাকে সঠিক পথে কাজে লাগানো।
তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় বৃত্তি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এজন্য আগে থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা শেষে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ফিরে না আসায় উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষাশেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের হিট (উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর) উপ-প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন হিট প্রকল্পের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার (এএসপিএম)।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
কর্মশালার উদ্বোধনী পর্বে বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তির অর্থ তুলে দেন।

























