জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি
- প্রকাশের সময় : ০৭:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল ও জাকসুর নেতারা। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সাবেক ছাত্রদল ও জাকসুর ৩১ নেতার স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিন্ডিকেটের রাষ্ট্রপতি মনোনীত সদস্য পদে সম্প্রতি অধ্যাপক নাহরিন ইসলাম খান ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিনের নাম আলোচনায় এসেছে। নাহরিনকে মনোনয়নের পক্ষে তাঁর একাডেমিক যোগ্যতা, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরেছেন স্বাক্ষরকারীরা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত শাসন বিষয়ে স্নাতকোত্তর এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ ও গবেষণা কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্র ও শিক্ষক রাজনীতিতে তাঁর সম্পৃক্ততার বিষয়টিও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ছাত্রজীবনে নাহরিন জাহানারা ইমাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের জাকসু নির্বাচন ঘিরেও আলোচনায় ছিলেন নাহরিন। বিবৃতিতে বলা হয়, ওই নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনি আরও দুই শিক্ষকের সঙ্গে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ বিষয়ে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।
সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য পদে তাঁর নাম আলোচনায় আসার পর নাহরিনকে মনোনয়নের দাবি জানিয়েছেন সাবেক ছাত্রদল ও জাকসুর নেতারা। তাঁদের মতে, তাঁর একাডেমিক যোগ্যতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা সিন্ডিকেটের নীতিনির্ধারণী কাজে কাজে লাগতে পারে।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

























