কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 8
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গজারিয়া বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৪টি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় জব্দ করা জাল চুরির চেষ্টা করায় একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) গজারিয়া বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
অভিযান সূত্রে জানা যায়, নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করায় একজনকে হাতেনাতে আটক করা হয়। একই সময় বিলের বিভিন্ন স্থান থেকে ৭৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তালেব, কালুখালী থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















