রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

- প্রকাশের সময় : ১০:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 35

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে তিনটি লরিতে করে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
সেনাবাহিনীর নিরাপত্তায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাড়িবহরটি ঢাকার উদ্দেশ্যস্থল থেকে ঈশ্বরদীর রূপপুরের পথে যাত্রা শুরু করে। নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় অতিক্রম করে গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়। এ সময় প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকসহ কর্মকর্তারা গাড়িবহরকে স্বাগত জানান।
নিরাপত্তার কারণে ইউরেনিয়ামবাহী গাড়িবহর চলাচলের সময় সকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। চালান পৌঁছানোর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউরেনিয়ামবাহী গাড়িগুলো যাতে যানজট ছাড়াই প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য পাবনা জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছিলেন।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রথম ইউনিটে এ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফল হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাইজেশন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।






















