মহাদেবপুরে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৫

- প্রকাশের সময় : ১১:১৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 1

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে মহাদেবপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





















