‘খুনি নই, প্রেমিক’—নতুন লুকে শাহরুখের ‘কিং’

- প্রকাশের সময় : ১২:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 9

বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রকাশিত পোস্টারে ঠোঁটে গোলাপ আর চোখে তীব্র চাহনি নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা। তাঁর নতুন লুকে অ্যাকশন ও রোমান্সের মিশেল নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল… খুনি নই, প্রেমিক।’ পোস্টের সঙ্গে যুক্ত করেছেন সিনেমার নাম ‘কিং’।
পোস্টারে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে একই সময়ে একাধিক বড় সিনেমা মুক্তির পরিকল্পনা থাকায় বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে ‘কিং’।
একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম সিনেমা ‘কিং১০০’। নাগার্জুনের ৬৭তম জন্মদিনে তাঁর নতুন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়।
নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে ‘কিং’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছিলেন শাহরুখ। সে সময় তিনি চরিত্রটিকে ‘নির্মম ও ধূসর’ বলে বর্ণনা করেন।
শাহরুখ বলেন, দর্শক প্রায়ই নায়ক ও খলনায়কের মধ্যে বিভাজন তৈরি করেন। তবে তিনি কখনো এই বিভাজনে বিশ্বাস করেননি। ক্যারিয়ারের শুরুর দিকে ‘ডর’ এবং পরে ‘ডন’, ‘আনজাম’ ও ‘বাজিগর’-এর মতো সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করবেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা খান। সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ এখন মুক্তির অপেক্ষায়।





















