আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

- প্রকাশের সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 5

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।
মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
এ সময় আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের বক্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
রিজভী বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের কোনো প্রয়োজন নেই। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকা নিয়েও রুহুল কবির রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়াবে না। একই সঙ্গে যুবকরা যেন মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
রিজভী বলেন, যুবদল এই ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।






















