নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
- প্রকাশের সময় : ০৮:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 3
আন্তর্জাতিক হ্যান্ডবলের আসরে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। রোববার রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে নেপালকে চাপে রাখে বাংলাদেশ। স্বাগতিকদের রক্ষণ ও আক্রমণের সামনে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি নেপাল। বিরতিতে যাওয়ার আগে ১৩-৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। একের পর এক গোল করে ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের বড় জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আলপনা আক্তার। সাতটি গোল করে ম্যাচসেরা হন তিনি। মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ছয়টি করে গোল করেন। অধিনায়ক ইসমেতারা নিশি পাঁচটি এবং সায়মা জান্নাত সীমা চারটি গোল করেন। এ ছাড়া মাসুদা আক্তার দুটি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।
চার দলের এই প্রতিযোগিতা হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়াবে। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে এবার দারুণ সূচনা করল বাংলাদেশ।
তবে স্বাগতিকদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি।




















