ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী
- প্রকাশের সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 2
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত ২৩ সেপ্টেম্বর বুধবার একদিনে রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ১০টি ছোট নৌকায় করে তারা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছান বলে জানিয়েছে দেশটির পুলিশ ও কোস্টগার্ড।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে একদিনে এটিই দেশটিতে নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের সর্বোচ্চ সংখ্যা।
তবে মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ হাজার ৫৫৬ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আগমন কমেছে প্রায় ৪২ শতাংশ।
ব্রিটিশ সরকারের দাবি, ছোট নৌকা ও রাবারের ডিঙ্গিতে করে অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঠেকাতে চলতি বছর তারা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এ ধরনের অবৈধ পারাপার পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলেও জানিয়েছে সরকার।
ব্রিটিশ কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের আগে ২১ ও ২২ সেপ্টেম্বর—সোমবার ও মঙ্গলবার—ফ্রান্স থেকে তিনটি ছোট নৌকায় প্রায় ১৫০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দেন। এর আগে টানা পাঁচ দিন কোনো নৌকা দিয়ে পারাপারের ঘটনা ঘটেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ ডিসেম্বর ৮০৩ জন অভিবাসনপ্রত্যাশী একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। এরপর ২৩ সেপ্টেম্বরের ৭৮১ জনের আগমন একদিনে দ্বিতীয় সর্বোচ্চ।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ২০২২ সালের ৩ সেপ্টেম্বর। ওই দিন ১ হাজার ৩০৫ জন সমুদ্রপথে যুক্তরাজ্যে পৌঁছান।
ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ নৌপথ। আবহাওয়া উষ্ণ ও সমুদ্র শান্ত থাকলে এই পথে ছোট নৌকায় পারাপারের ঘটনা বেড়ে যায়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মাসিক আগমনের সংখ্যা বেশি থাকে।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল বিবিসি রেডিওকে বলেন, ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমাতে সরকার অতিরিক্ত সম্পদ ব্যবহার এবং নতুন আইন প্রণয়নসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের ফলে ছোট নৌকায় আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।
বিবিসি রেডিও কেন্টকে লুসি পাওয়েল বলেন, ছোট নৌকায় করে মানুষের আসা বন্ধ করার মতো কোনো তাৎক্ষণিক ব্যবস্থা থাকলে সরকার সেটি ব্যবহার করত। একই সঙ্গে তিনি বলেন, জনগণ দ্রুত এই সমস্যার সমাধান চায় এবং সরকার তাদের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: বিবিসি




















