অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী
- প্রকাশের সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 6
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে। অচিরেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়ায় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘আপনারা জানেন, গত ১৭ বছরে দেশে যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, সবগুলোই গ্যাসভিত্তিক। অথচ বাংলাদেশের মাটির নিচে থাকা গ্যাস উত্তোলনের জন্য বিগত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ন্যূনতম জরিপও করা হয়নি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সময়ের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে ৩০টি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বাকি ১২০টি কূপ থেকেও দুই-তিন মাসের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। একইভাবে নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতির অংশ হিসেবে এরই মধ্যে কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সবুজ বাংলাদেশে পরিণত করতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলা হয়েছিল। এরই মধ্যে এক কোটি বৃক্ষরোপণ করা হয়েছে। খাল খননের কথাও বলা হয়েছিল, সেটিও শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকার তাদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’
কলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, গৃহিণী দুর্গা রায়, কৃষক বুলবুল রায় ও হিরো বিশ্বাস বক্তব্য দেন।

























