১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
- প্রকাশের সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 3
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতের জন্য এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
রবিবার এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান।
এনবিআরের প্রজ্ঞাপনে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ১১টি খাতের ব্যবসায়ীদের এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।
নতুন আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ৮টি পণ্য খাতে এবং সেবা পর্যায়ের ৩টি খাতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। উৎপাদন খাতের মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। আর সেবা খাতের মধ্যে রয়েছে বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।
আদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, তালিকায় উল্লিখিত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গেও যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও অনলাইন রিটার্ন দাখিলের এই বাধ্যবাধকতা সমানভাবে কার্যকর হবে।
এছাড়া, অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা সংক্রান্ত পূর্বের জারি করা সব আদেশ এ বিজ্ঞপ্তির পর থেকে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই তালিকায় নতুন খাত সংযোজন বা বিদ্যমান খাত বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।





















