কালুখালীতে ভুয়া ডাক্তার ও অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
- প্রকাশের সময় : ০৯:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 47
রাজবাড়ীর কালুখালীতে ভুয়া ডাক্তার সেজে আল্ট্রাসনোগ্রাফি, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘সালেহা সামাদ হেলথ সার্ভিসেস’ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব সমস্যা সমাধান ও লাইসেন্স হালনাগাদের জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ।
অভিযান সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আবু হোসেনের স্বীকৃত এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নিজের নামের আগে ‘ডাঃ’ পদবি ব্যবহার করে আসছিলেন। পাশাপাশি তিনি নিয়মবহির্ভূতভাবে নিজেই রোগীদের আল্ট্রাসনোগ্রাফি করতেন। অভিযানের সময় প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দণ্ড দেওয়ার কথাও জানানো হয়েছে।
অভিযানে উপস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, ‘এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কেউ আল্ট্রাসনোগ্রাফি করতে পারবেন না।’ তিনি আগামী ১৫ দিনের মধ্যে ডায়াগনস্টিক সেন্টারের সব সমস্যা সমাধান করে লাইসেন্স হালনাগাদের জন্য চূড়ান্ত নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কালুখালী উপজেলার কোথাও প্রতারণা বা অবৈধ চিকিৎসাসেবা পরিচালিত হলে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।






















